চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দুর্দান্ত জয় পেল বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দলটি।
প্রথম লেগে লিওঁর মাঠে গোলশূন্য ড্র করার পর গতকাল বুধবার ঘরের মাঠে অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলসহ ৫-১ গোলের জয় তুলে নিয়েছে আর্নেস্তো ভালভারদের দল।
ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল নিয়ে লুইস সুয়ারেজ ডি বক্সে ঢুকে গিয়েছিলেন, তাতে ফাউল করেন লিঁওর এক ডিফেন্ডার। পেনাল্টি পায় বার্সেলোনা। আর তাতে মেসির সহজ এক গোল। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ কৌতিনহো।
লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার আশা দেখেছিল লিঁও। গোল করেন লুকাস টাওসার্ট।
৭৭ মিনিট পর্যন্ত ব্যবধান ছিল ২-১। কিন্তু শেষের কয়েকটা মিনিট লিঁওর স্বপ্ন একেবারে চুরমার করে দিয়েছে বার্সা। ৭৮ মিনিটে বক্সের মধ্যে দুই ডিফেন্ডারকে ফেলে ডান পায়ে বল জালে জড়িয়ে দেন মেসি। ৮১ মিনিটে তারই অ্যাসিস্টে ছয় গজ দূরে থেকে গোল জেরার্ড পিকের।
৮৬ মিনিটে আবারও মেসি জাদু। এবার উসমান ডেম্বেলেকে দিয়ে করান এক গোল। মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁদিকে ডেম্বেলেকে দিয়েছিলেন মেসি। ফরাসি ফরোয়ার্ড সেটা কোনাকুনি শটে ঢুকিয়ে দেন জালে।