প্রধানমন্ত্রীকে কটুক্তি করার মামলায় বাফুফের সদস্য ও নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জেলে থাকায় উদ্বিগ্ন ফিফা ও এএফসি। মাহফুজা আক্তার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনেরও সদস্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এ সদস্য জামিন পেয়েছেন কিনা তা খোঁজ নিয়েছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা দুটি। বিষয়টি জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
১৬ মার্চ গ্রেপ্তার হওয়ার পর কিরনের পক্ষে জামিন চেয়েছিলেন তার আইনজীবী। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
প্রধানমন্ত্রীর সম্পর্কে কটুক্তি করার অভিযোগ এনে ১২ মার্চ কিরনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স।
মামলার আরজিতে দাবি করা হয়, ৮ মার্চ প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর বক্তব্য রাখেন কিরন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। মামলার দিনই কিরনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালাত।