অপরাজিত থেকে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল। ১০ দিনের কাতার সফরে নিজেদের শেষ ম্যাচে আল-আরাবিয়ার বয়সভিত্তিক দলের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে লাল-সবুজরা।
শুক্রবার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ দল।
দোহায় নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে বসে বাংলাদেশ। কর্ণার থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে বক্সির মধ্যে ফাউল করেন ডিফেন্ডার বিশ্বনাথ।
পেনাল্টি থেকে স্বাগতিক আল-আরাবিয়াকে এগিয়ে নেন হাসান দাদ। তবে বিরতির পর সমতায় ফিরিয়ে আনে বাংলাদেশ দল।
রহমত মিয়ার লম্বা থ্রো ইন থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন মোহাম্মদ রকি। এর আগে শুক্রবার শাহানিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।