বিশ্ব দাবা চ্যাম্পিয়শিপে খেলার টিকিট পেয়েছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান ও নারী ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন।
এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ফাহাদ ও নারী বিভাগে শিরিন চ্যাম্পিয়ন হয়ে এ যোগ্যতা অর্জন করেছেন।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে একইসঙ্গে দুজনই ফিদে মাস্টার থেকে সরাসরি আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেছেন।
দেশের পাঁচ গ্র্যান্ড মাস্টারকে পিছনে ফেলে এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়েছেন ফাহাদ। সেসুবাদে দেশের সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন ১৬ বছর বয়সী কিশোর ফাহাদ।
শেষ রাউন্ডে ৪১ চালে ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগকে হারালে ফাহাদের পয়েন্ট দাড়ায় ৭।
গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের পয়েন্টও ছিল ৭। টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হন সাইফ স্পোর্টিং ক্লাবের ফাহাদ।
অন্যদিকে নারী বিভাগে ৯ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন সোনালী ব্যাংকের শিরিন।
আগামী ৯ সেপ্টেম্বর রাশিয়ায় বসবে বিশ্বকাপ দাবার আসর। এতে খেলবেন ফাহাদ ও শিরিন। এবারের আসরে অংশ নেবেন বিশ্বের ১২৮ জন দাবাড়ু।