স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। এসপানিওলের বিপক্ষে তারা জিতেছে ২-০ তে। দুটো গোলই করেছেন লিওনেল মেসি। লিগের অন্য ম্যাচে আলাভেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আতলেটিকো মাদ্রিদ।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বার্সেলোনা। রাকিতিচ, কুতিনিয়ো ও ম্যালকম গোল মিস না করলে স্কোরলাইন আরো ভারি হতে পারতো। প্রথম গোল আসে মেসির পা থেকে ৭১ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক শটে বল জালে পাঠান আর্জেন্টাইন সুপারস্টার।
একেবারে শেষদিকে রাকিতিচের বাড়ানো বল ম্যালকমের কাছ থেকে নিয়ে নিজের সাথে দলের স্কোরও দ্বিগুণ করেন মেসি। এতে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে এর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
৩১ গোল করে মেসি এখন লিগের শীর্ষ গোলদাতা। ৬৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে যথারীতি বার্সেলোনা। আলাভেসের বিপক্ষে ৪-০ তে জেতা আতলেটিকো মাদ্রিদ বার্সার চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে টেবিলের দুইয়ে। অন্যদিকে ইতালিয়ান লিগ সিরি আ’য় রোনালদো আর দিবালাকে বিশ্রামে রেখে খেলতে নামা ইউভেন্টাস ১-০ তে জিতেছে এম্পোলির বিপক্ষে।