ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডেতে জয় পেয়েছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। চেলসিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল আর ম্যানসিটি ৩-১ এ জিতেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লিভারপুল। প্রথমার্ধে ভালো কিছু সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি তারা। ৫১ মিনিটে ডেডলক ভাঙেন সাদিও মানে। হেন্ডারসনের ক্রস থেকে হেড করে বল জালে পাঠান সেনেগালের এ ফরোয়ার্ড।
ঠিক ২ মিনিট পরে গোল করেন মোহাম্মদ সালাহ। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে পান মিশরীয় এই স্ট্রাইকার। চলতি লিগে এটি সালাহ'র ২২ তম গোল। আর তাতেই ২-০ এর জয়ে আবারও টেবিলের শীর্ষে ফিরে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে তাদেরকে ৩-১ এ হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন রহিম স্টারলিং। তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল জেসাস।
লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে আছে সিটিজেনরা।