চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দুই ইংলিশ ক্লাব টটেনহাম ও লিভারপুল।
স্বদেশী ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে টটেনহাম। আর পোর্তোর বিপক্ষে সহজ জয়ে টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠেছে লিভারপুল।
নিজেদের মাঠে ১-০ গোলের জয় নিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামে টটেনহাম। ম্যানসিটির মাঠে প্রায় সমানে সমানে লড়াই হয় দুদলের মধ্যে।
ম্যানসিটি প্রথমার্ধে তিনটি গোল করে। স্টার্লিং দুটি আর বের্নার্ডো সিলভা একটি গোল করেন।
জবাবে প্রথমার্ধে টটেনহামের হয়ে দুবার বল জালে জড়ান হিউ মিন সন।
বিরতির পর আগুয়েরো সিটিজেনদের চতুর্থ গোলটি করেন। টটেনহামকে লড়াইয়ে টিকিয়ে রাখেন লরেন্তে। ৪-৩ গোলে ফিরতি লেগে জিতে যায় ম্যানসিটি।
কিন্তু ম্যানসিটি প্রতিপক্ষের মাঠে একটিও গোল না করায় দুই লেগ মিলে ৪-৪ সমতা সত্ত্বেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেমিফাইনালে উঠে যায় টটেনহাম।
এদিকে, প্রথম লেগে ২-০ গোলের জয়ের পর, ফিরতি লেগে পোর্তোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।