ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অঝোর ধারে বৃষ্টির কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। বুধবার ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গড়ানোর কথা ছিল ইংল্যান্ড-পাকিস্তান লড়াই। তবে বৃষ্টির কারণে তা শুরু হতে বিলম্ব হয়। ফলে প্রথমে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।
খেলা শুরু হওয়ার পর ১৭তম ওভারে ফের আকাশ ভেঙে বৃষ্টি নামে। এতে খেলা বন্ধ হয়ে যায়। পরে তা থামলে আবার খেলা শুরু হয়। এবার ম্যাচটি ৪১ ওভারে পরিণত হয়। এরপর ১৯তম ওভার শেষে পুনরায় পানি শুরু হয়। শেষ পর্যস্ত তা থামলেও ম্যাচটি পণ্ড ঘোষণা করা হয়। কারণ, স্থানীয় সময় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি বাগড়া দেয়ায় আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে ওঠে।
পরিত্যক্ত ঘোষণার আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে খেলা হয় মোট ১৯ ওভার। এসময়ে ২ উইকেটে ৮০ রান তোলে পাকিস্তান। ইমাম উল হক ৪২ ও হারিস সোহেল ১৪ রান নিয়ে ব্যাট করছিলেন।
এর আগে ব্যক্তিগত ৩ রান করে জোফরা আর্চারের শিকার হয়ে ফেরেন ফখর জামান। আর ১৬ করে লিয়াম প্লাঙ্কেটের বলির পাঁঠা হয়ে সাজঘরে ফেরেন বাবর আজম।
বিশ্বকাপের আগে সিরিজটিকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। খেলোয়াড়দের পরখ করে দেখতে চাচ্ছে দুই দলই। পরের ম্যাচ আগামী শনিবার সাউদাম্পটনে।
ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, জো ডেনলি, আদিল রশিদ, জোফরা আর্চার, ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট।
পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমির।