বিশ্বকাপের ২০তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে তিনটায় লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে।
আগের চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে অস্ট্রেলিয়া। দলের অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এখনো ফিট না হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছেন কোচ। তবে দলকে আত্মবিশ্বাস জোগাতে পারে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ফর্ম।
অন্যদিকে বৃষ্টিতে আগের দুই ম্যাচই ভেসে যাওয়ায় চার ম্যাচের মাত্র এক ম্যাচ জিতেও পয়েন্ট টেবিলে পাঁচে আছে শ্রীলঙ্কা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচের মধ্যদিয়ে দলে ফিরছেন নুয়ান প্রদীপ।
এ পর্যন্ত ৯৭ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। এর মধ্যে ৬০ ম্যাচ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর ৩৩ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাকি ৪ ম্যাচে ফলাফল হয়নি। এদিক দিয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।