লেগানেসের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই ফিরেছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে পড়েও লুইস সুয়ারেজ ও আর্তুর ভিদালের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় স্বাগতিক লেগানেস। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ইউসেফ আন নেসরি। প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি মেসি-সুয়ারেজদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলতে থাকে অতিথিরা। ফল আসে ৫৩ মিনিটে। লিওনেল মেসির ফ্রি কিকে হেড করে বার্সেলোনাকে সমতা এনে দেন সুয়ারেজ। ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন অতোয়ান গ্রিজম্যানের বদলি হিসাবে মাঠে নামা ভিদাল।
এর ফলে ১৩ ম্যাচ থেকে ৯ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ১৩ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ২৪ পয়েন্ট।