২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারল না ম্যানচেস্টার সিটি। গতকাল শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে ৩-২ গোলের ব্যবধানে হারে তারা।
এদিন ম্যাচের শুরুতেই রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি। মাত্র ১২তম মিনিটে ডি-বক্সের বাইরে এসে ফাউল করার দায়ে গোলরক্ষক এডারসনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে বসিয়ে দ্বিতীয় গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে মাঠে নামান কোচ পেপ গার্দিওয়ালা।
২৫ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রহীম স্টার্লিং। তার গোল নিয়েও নাটকীয়তা হয়েছে। রিয়াদ মাহরেজকে ফাউল করা হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।
বাকী সময়ে আরো কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওয়ালার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় সাফল্য পায় ম্যানচেস্টার। ৫৫তম মিনিটে আবারও গোল করেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্নই দেখছিল ম্যান সিটি। কিন্তু ৫৫ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান কমান (২-১) উলভারহ্যাম্পটনের আদামা তাউরে। আর ৮২ মিনিটের মাথায় উলভারহ্যাম্পটনকে সমতায় ফেরান রাউল জিমিনেজ।
তবে ৮৯তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির ম্যাট দোহার্টি।
এদিকে এ ম্যাচের পর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে ম্যান সিটি। আর চারে থাকা চেলসির পয়েন্ট ৩২। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে উলভারহ্যাম্পটন।