নতুন কোচ কিকে সেঁতিয়েনের অধীনে শুরুটা দারুণ করল বার্সেলোনা। গ্রানাডার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা। রোববার রাতে ঘরের মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে প্রতিপক্ষকে ১-০ ব্যবধানে হারিয়েছেন কাতালানরা।
দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে ছোট ছোট পাসে আক্রমণের পসরা সাজালো বার্সা। গ্রানাডার খেলোয়াড়দের বোকা বানিয়ে বলের দখল থেকে শুরু করে প্রেসিংয়েও অনন্য ছিল তারা।
পুরো খেলায় ৮৩ শতাংশ বলের দখল ধরে রাখেন মেসি-গ্রিজম্যানরা। যদিও জয়সূচক গোলটির দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
এ অর্ধে সাফল্য ক্ষুধায় ছটফট করেন স্প্যানিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত খেলার ৭৬ মিনিটে জয়সূচক গোলের দেখা পান তারা। গ্রিজম্যানের কাছ থেকে বল পান আর্তুরো ভিদাল। পেয়েই তা ডি-বক্সে মেসির কাছে পাঠিয়ে দেন তিনি। সেটি ধরে গ্রানাডার রক্ষণভাগের খেলোয়াড়দের ও গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়ান তিনি।
সেই গোলেই জয় নিশ্চিত করে বার্সা। পাশাপাশি নতুন কোচ হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দেন সেঁতিয়েন। নতুন যুগের সূচনা করেন তিনি। এ জয়ের ফলে আবারও লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেন বর্তমান চ্যাম্পিয়নরা।
সমানসংখ্যক ২০ ম্যাচ খেলেছে রিয়াল। সেগুলো থেকে বার্সার সমান ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। তবে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে লস ব্লাঙ্কোরা। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫। সূত্র/ইএসপিএন এফসি।