নিরাপদে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহনকারী বিমান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছে টাইগাররা। তারা বুধবার (২২ জানুয়ারি) দিনগত বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দেরে অবতরণ করেন। বাংলাদেশ দলের নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সূত্র।
এর আগে বুধবার রাত ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার্ড ফ্লাইট) করে দেশ ছাড়েন মাহমুদউল্লাহরা।
আগামী ২৪ জানুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। যা বাংলাদেশ সময়ে দাঁড়াচ্ছে দুপুর ৩টা।
দলের ১৫ জন ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলে মোট ২৩ সদস্যের দল পাকিস্তানে গেছেন। সঙ্গে গেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সঙ্গে আরো ছিলেন গোয়েন্দা সংস্থার দুই সদস্য ও একাধিক গণমাধ্যমকর্মী।
লাহোরে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে একবেলা অনুশীলন করে শুক্রবার প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে রাসেল ডমিঙ্গোয় শিষ্যরা।