বাংলাদেশের ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে দুই দল তুলেছে ৮১৮ রান। দুই দল উইকেট হারায় মাত্র সাতটি। দুই দল মিলে ম্যাচে ছক্কা মারে ৪৮টি। এছাড়া ব্যাটসম্যানদের ব্যাট থেকে চারের মার বেরোয়া ৭০টি। বাংলাদেশের দ্বিতীয় বিভাগের ক্রিকেটে সোমবার দেখা গেছে এই চার-ছক্কার বৃষ্টি এবং রানের বন্যা।
দ্বিতীয় বিভাগের দল নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি এ ম্যাচে শুরুতে ব্যাট করে তোলে ৪৩২ রান। তারা হারায় ৪ উইকেট। জবাব দিতে নামা ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ৩ উইকেট হারিয়ে ৩৮৬ রানে থামে। নর্থ বেঙ্গলের কাছে হারে মাত্র ৪৬ রানে। ঢাকার সিটি ক্লাব গাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে নর্থ বেঙ্গলের ক্রিকেটাররা ছক্কা মারেন ২৭টি। এছাড়া ট্যালেন্ট হান্ট ২১ টি ওভার বাউন্ডারি মারেন। সঙ্গে ম্যাচে পাল্লা দিয়ে চারও মারেন দু'দলের ক্রিকেটাররা। দুই দলের এই রান বন্যা নিয়ে মেইল অনলাইন ক্রিকেট ক্লাব সংগঠক সৈয়দ আলী আসাফের বক্তব্য তুলে ধরে, 'এমনটা সচরাচর হয় না। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আমি দীর্ঘদিন সম্পৃক্ত। এমন রান আগে দেখিনি।'
বাংলাদেশের দ্বিতীয় বিভাগের ঘরোয়া ক্রিকেটে অবশ্য দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। দ্বিতীয় বিভাগের এক ক্রিকেটার ২০১৭ সালে এক ওভারে ওয়াইড দেন ১৩টি। তিনটি নো বল মিলিয়ে ওভারের চার বলেই দেন ৯২ রান। ইচ্ছে করে ওই কাজ করায় তাকে ঘরোয়া ক্রিকেট দীর্ঘ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত বছরের নভেম্বরে ক্রিকেটাররা বোর্ডের কাছে তাদের দাবি-দাওয়া উত্থাপন করেন। সেখানে সাকিব আল হাসান দ্বিতীয় বিভাগের ক্রিকেটে দুর্নীতির অভিযোগ তোলেন। তবে সোমবারের ম্যাচ নিয়ে অবশ্য কোন অভিযোগ পাওয়া যায়নি। সূত্র/সমকাল