দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল এখনও মূলপর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি, ঝুলে আছে তাদের ভাগ্য।
বৃহস্পতিবার বুকারামাঙ্গার কলম্বিয়ান সিটিতে প্রি-অলিম্পিক টুর্নামেন্টে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চার দলের রাউন্ড রবিন লিগে এটি তাদের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে উরুগুয়েকে ৩-২ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। চার বছর আগে রিও ডি জেনিরোতে অলিম্পিক ফুটবলের শিরোপা জিতেছিল ব্রাজিল। তবে এবার তাদের ভাগ্য ঝুলে আছে। অলিম্পিক নিশ্চিত করতে হলে রোববার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তাদের হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেই।
কেননা নিজেদের প্রথম দুই ম্যাচেই ড্র করেছে সেলেসাওরা। প্রথম ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে শেষ করে তারা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও এই ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে ম্যাচের ৫০ মিনিটে এসে অগাস্টিন উর্জির গোলের পর তিন মিনিটের ব্যবধানে আরও এক গোল পায় আলবিসেলেস্তেরা। এবার গোল করেন প্যাট্রিসিও নেহুয়েন পেরেজ।
কলম্বিয়া অবশ্য ৬৭ মিনিটে এক গোল শোধ করে। পেনাল্টি থেকে গোল করেন এডউইন সেত্রে। তবে ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কোনো বিপদ ঘটতে দেয়নি। শেষতক ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
গতবার ২০১৬ অলিম্পিকে জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেইমারের ব্রাজিল। তবে এবার তারা মূলপর্বে খেলতে পারবে কিনা, সেটিই নিশ্চিত নয়।
দিনের অপর ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বিপদে রয়েছে হলুদ জার্সিধারীরা। ম্যাচের ৪০তম মিনিটে ইগনাসিও ডি আরুয়াবারেনার শট থেকে আত্মঘাতী গোল হজম করে উরুগুয়ে। এর পাঁচ মিনিট পর উরুগুয়েকে সমতায় ফেরান ম্যানুয়েল উগার্তে। শেষতক ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।