ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর টেস্ট ফরম্যাটেও ভারতের অবস্থা সুবিধার নয়। কিউইদের পেস তোপে তাদের ছিন্নভিন্ন হয়ে গেছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভারতীয় ব্যাটিংয়ের করুণ ছবি দেখা গেছে। শনিবার সকালে পন্থ-রাহানে জুটি প্রতিরোধ গড়তে পারেননি। সাউদির দাপটে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই লিড নিয়ে নিয়েছে স্বাগতিক দল।
শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লেজ ছাঁটার কাজটা করলেন অভিজ্ঞ টিম সাউদি। ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। পন্থ ১৯ করে রান আউট হলেন। রাহানে করলেন ৪৬। শেষ দিকে মহম্মদ শামি ২১ রান করেন। সাউদি এবং জেমিসন চারটি করে উইকেট নেন।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেশ সুবিধেজনক জায়গাতেই রয়েছে। ইশান্ত শর্মার জোড়া ধাক্কায় প্যাভিলিয়নে ফিরে গেছেন টম ল্যাথাম(১১) এবং টম ব্লান্ডেল (৩০)। ইতিহাস গড়া অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ইশান্ত শর্মার শিকার হয়ে ফিরেছেন ৪৪ রানে। ৭৬ রানে ব্যাট করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার সঙ্গী হয়েছেন হেনরি নিকোলাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৪.৩ ওভারে কিউইদের স্কোর ৩ উইকেটে ১৭০ রান। তাদের লিড হয়েছে ৫ রানের।