বিয়ের পর ফুরফুরে মেজাজে ক্রিকেটে ফেরেন সৌম্য সরকার। ডাক পান জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। এরপর টি-২০ সিরিজের দলেও। কিন্তু এসবের মধ্যেই আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য। তবে শেষ পর্যন্ত বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণার একদিন পরে অন্তভুক্ত হলেন সৌম্য।
বাংলাদেশ জাতীয় দলে ঝকঝকে তারার মতো আবির্ভাব হওয়া সৌম্য দুই বছর পর আবার ফিরলেন বোর্ডের চুক্তিতে। সৌম্যকে অন্তর্ভুক্ত করায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা বেড়ে হলো ১৭ জন। ২০১৯ সালেও কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৭ ক্রিকেটার।
জাতীয় দলের জার্সি গায়ে সৌম্য সরকার ভালো-খারাপ মিলিয়ে সময় কাটিয়েছেন। মাঝের ছন্দপতনের পরে সৌম্য ২০১৮ সালের এশিয়া কাপ দিয়ে ফেরেন ফর্মে। ২০১৯ সালটাও ভালো কাটে তার। যদিও বিশ্বকাপে দেখাতে পারেননি নিজের সেরারা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলেন তিনি।
ভালো খেলেন ভারত বিপক্ষে টি২০ সিরিজেও। ওই বছর তিন সংস্করণ মিলিয়ে ৩০ ম্যাচের ২৫টিতে দলে ছিলেন সৌম্য। টাইগারদের ১৮ ওয়ানডে ম্যাচের ১৭টিতে খেলে করেছেন ৫০৬ রান। সঙ্গে পেয়েছেন আটটি উইকেটও। এই পারফরম্যান্স মূল্যায়ন করে সৌম্যকে সাদা বলের চুক্তিতে রাখা হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।