বিশ্বব্যাপী সংক্রমিত করোনা ভাইরাসের কারণে জুন পর্যন্ত সব টুর্নামেন্ট স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ১৪ এপ্রিল এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। দিন দিন করোনা পরিস্থিতি আরো খারাপ হওয়ায় বাড়ল ম্যাচ স্থগিতের মেয়াদ। মহাদেশীয় ফুটবলের এ অভিভাবক সংস্থা জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আগামী ২ মাসের সব খেলা বন্ধ থাকবে।
মুলত গত ফেব্রুয়ারির পর থেকেই স্থবির হয়ে পড়ে এশিয়ার ফুটবল। নয়াদিল্লি, দোহা, দুবাই এবং কুয়ালালামপুরে দফায় দফায় জরুরি সভার পর মার্চ আর এপ্রিলের সব ম্যাচ স্থগিত করা হয়। এখন পরের দুই মাসের জন্যও ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত হলো।
এএফসি এক বিবৃতিতে বলেছে, ‘চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি।’
২০২০ এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্ব সমাপ্ত করার উপায় বের করতে এখন সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এএফসি। বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর জন্য এর আগে মার্চ ও জুন মাসের এশিয়ান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসি।
করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে বিশ্বের সব ক্রীড়া আসর। আন্তর্জাতিক বা ঘরোয়া সব ধরনের খেলায় বন্ধ রেখেছে করোনায় আক্রান্ত দেশগুলো। এমন পরিস্থিতিতে আবার কবে মাঠে গড়াবে ফুটবল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে ২০২১ সালের আগে বেশিরভাগ আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই কম, এমন বলেছেন ফিফা সহ-সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি। সংকট কাটিয়ে আবারো যখন প্রতিযোগিতা মাঠে গড়াবে, তখন ঘরোয়া-আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ এক সূচি বিপর্যয়ে পড়বে ফুটবল। নতুন করে সূচি ঠিক করে মাঠে খেলা ফেরাতে আগামী বছর সময় লাগবে বলে জানিয়েছেন এ কানাডিয়ান সহ-সভাপতি।
এমনিতেই মার্চ থেকে জুন পর্যন্ত খেলা স্থগিত করে রেখেছে ফিফা। মনটাগ্লিয়ানি বলছেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও খেলা শুরু করা বেশ কঠিন হয়ে যাবে। ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘরোয়া ফুটবল এক্ষেত্রে প্রাধান্য পাবে। সেপ্টেম্বর মাসের সূচি আগেই ঠাসা। তবে আমার মনে হয় এখন সেইসব চিন্তা করার সময় না।’ করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত মাঠ ভর্তি করে দর্শক-সমর্থক আনা যাবে না বলেও মনে করেন মনটাগ্লিয়ানি।
এদিকে স্থগিত হওয়া এই এএফসি কাপেই খেলছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। প্রথম পর্বের খেলা শুরু হয়েছিল ১১ মার্চ। প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্থ করেছে বসুন্ধরা। ১৪ এপ্রিল শুরুর কথা ছিল দ্বিতীয় পর্ব।