সিরিজটি শুরু হওয়ার কথা ছিল জুনে। হাতে অনেকটা সময় আছে। তবে করোনাভাইরাসের কারণে চলমান বিশ্বে যে পরিস্থিতি, তাতে দুই মাস আগেই স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর।
আসন্ন সফরে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতো দক্ষিণ আফ্রিকা। সিরিজে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ ছিল।
সিরিজটি স্থগিত হওয়া প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফল এক বিবৃতিতে বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে আমাদের বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আন্তর্জাতিক ফিকশ্চারের সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত সম্ভব আমরা পুনরায় সূচি নির্ধারণ করব।’
কিন্তু হাতে তো সময় ছিল, এত আগেই কেন স্থগিত করা হলো সিরিজটি? জ্যাক ফল বলেন, ‘আমাদের প্রোটিয়ারা লকডাউনের কারণে ঠিকভাবে প্রস্তুতি সারতে পারবে না। তার চেয়ে বড় কথা খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সবার আগে বিবেচ্য। আমরা এটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরিচালক গ্রায়েম স্মিথও জানান, একটি সফরে যাওয়ার আগে কমপক্ষে ছয় সপ্তাহের প্রস্তুতি দরকার খেলোয়াড়দের। লকডাউনের কারণে সেটি সম্ভব হচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার পরবর্তী অ্যাসাইনম্যান্ট ওয়েস্ট ইন্ডিজে। আগামী জুলাই-আগস্টে সেখানে দুটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা প্রোটিয়াদের। এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত হবে মে মাসের মাঝামাঝিতে।