২৩ এপ্রিল মধ্যরাতেই ৪৭ বছর পূরণ হয় ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বহুল কাঙ্খিত একটি দিন ছিল বৃহস্পতিবার। ১৯৭৩ সালের ২৩ এপ্রিল জন্মেছিলেন এই ক্রিকেট জিনিয়াস। তবে এবারের জন্মদিনটি নিরবে নিভৃতেই পার করেন শচিন। এরই মধ্যে করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত দুই ফান্ডে ৫০ লাখ রুপি দান করেছেন শচিন। প্রধানমন্ত্রীর ফান্ডে ২৫ ও মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছেন ২৫ লাখ রুপি দিয়েছেন তিনি।
শচিনের ঘনিষ্ঠ এক সুত্র ইন্ডিয়া টিভিকে জানান, ‘শচিন ঠিক করেছেন এখন জন্মদিন উদযাপনের সময় নয়। তিনি মনে করছেন, এটাই (জন্মদিন উদযাপন না করা) হবে চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, পুলিশ, সুরক্ষাকর্মীদের মতো ফ্রন্টলাইনে থাকা সবার প্রতি শ্রদ্ধা জানানোর সেরা উপায়। এ বিষয়ে (জন্মদিন উদযাপন) কথা বলতে দ্বিধাবোধ করছিলেন শচিন।’
শচীনের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান, ভালোবাসার ঘাটতি হয় না কখনও ভারতীয়দের। আর তাদের ভালোবাসার কারণেই প্রতিবছর শচিনের জন্মদিন নানান আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকেন ভক্তরা। শচিন নিজেও কেক কেটে, ভক্তদের শুভেচ্ছা জবাব দিয়ে দিনটি কাটান। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা ভাইরাসের মহামারির কারণে স্থবির জনজীবন। কষ্টে দিনাতিপাত করছে অনেক মানুষ। তাই এবার জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নেন শচিন।