মহামারী করোনাভাইরাস ‘খেয়ে’ ফেলছে ক্রিকেটের সূচি। বিশ্বের আরো অনেক খেলার মতো একে একে ক্রিকেট সিরিজও স্থগিত হচ্ছে, টুর্নামেন্ট বাতিল হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসার পর ক্রিকেট আবার কবে থেকে শুরু হবে-তার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো স্থির হয়নি।
তবে করোনাভাইরাস পরবর্তী সময়ে ক্রিকেট ফের মাঠে ফিরলেও দর্শক গ্যালারিতে থাকবে কিনা-তা নিয়ে বড় আশঙ্কা থেকেই যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্য দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট শুরুর পরিকল্পনাটা এখন বাস্তবসম্মত। তবে দর্শকশূন্য গ্যালারিতে মাঠের ক্রিকেটে প্রতিযোগিতা, উত্তেজনার আমেজ ঠিক আগের মতো থাকবে কিনা- সেই প্রশ্নও উঠেছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস অবশ্য এই ধারণার সঙ্গে একমত নন। তার কথা-স্বাস্থ্য সুরক্ষা ঠিক রেখে যদি প্রয়োজন হয় তাহলে দর্শকশূন্য গ্যালারিতেই খেলা মাঠে গড়াক।
বিসিবি রেডিও ফাইভের সঙ্গে এক সাক্ষাৎকারে বেন স্টোকস বলছিলেন- ‘আমার মনে হয় না গ্যালারিতে দর্শক না থাকলে মাঠের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেটা বড় কোনো প্রভাব ফেলবে। আমরা তো বুকে আমাদের সিংহের প্রতীক নিয়ে খেলি। দেশের জন্য খেলি। দেশকে জেতাতেই মাঠে নামি। আর তাই তখন চোখের সামনে দর্শকশূন্য গ্যালারি থাকল কি দর্শকে ঠাসা গ্যালারি থাকল সেটা বড় কোনো প্রভাব বিস্তার করে না।’
তবে নিজের এই মন্তব্যের শেষটা করেন স্টোকস এভাবে- ‘কোনো সন্দেহ নেই দর্শকশূন্য গ্যালারির পরিস্থিতি হবে ভিন্ন। আমাদের সবাইকে সেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
স্বাস্থ্য সুরক্ষা ঠিক রেখে ক্রিকেট আবার মাঠে ফিরুক নিজের সেই ইচ্ছের কথা জানিয়ে স্টোকস বলেন- ‘কিছু সময়ের জন্য না হয় গ্যালারি ফাঁকা থাকুক, দর্শকরা টিভি পর্দায় খেলা দেখুক। তবুও বৃহত্তর স্বার্থে আমি চাই খেলাটা শুরু হোক।’
২৮ বছর বয়সী ইংল্যান্ডের এই প্রতিভাবান অলরাউন্ডার ৬৩টি টেস্ট, ৯৫টি ওয়ানডে ম্যাচ এবং দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬টি। গত বছর দেশের মাটিতে প্রথমবারের মতো সীমিত ওভারের বিশ্বকাপ জয়ে বেন স্টোক বড় ভূমিকা রাখেন।
করোনাভাইরাস মহামারীর প্রভাবে ইংল্যান্ড তাদের শ্রীলঙ্কা সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে তাদের সামনের দুটো সিরিজও এখন অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট সিরিজ ইংল্যান্ড দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের পরিকল্পনা করছে। যদি অবশ্য পরিস্থিতি অনুকূলে থাকে।