২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেবার ভারতের মাটিতে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হন তারা। সেই দলের চেয়েও বর্তমান ক্যারিবিয়ান টিম শক্তিশালী বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।
চার বছর আগে বিশ্বজয়ী উইন্ডিজ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরে অবসরও নিয়ে ফেলেন ক্যারিবীয় অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরেছেন এ ডানহাতি কার্যকরী ক্রিকেটার। গেল ডিসেম্বরে প্রত্যাবর্তনের পর ফের জাতীয় দলের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যদিও মানবঘাতী করোনাভাইরাসের কারণে তা গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে বিশ্বমঞ্চ কাঁপাতে আশাবাদী ব্রাভো। তার অন্তর্ভুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের শক্তি বহুগুণ বেড়েছে বলে মনে করেন তিনি।
ব্রাভো বলেন, শ্রীলংকার বিপক্ষে সবশেষ সিরিজে টিম মিটিংয়ে কথা বলেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স। উনি একটি দল দেন। সেই একাদশের ব্যাটিংঅর্ডারে আমার স্থান ছিল ৯ নম্বরে। তাতে আমি রীতিমতো বিস্মিত হই।
তিনি বলেন, সেই তালিকা দেখে আমি ছেলেদের বলি– দেখ কোনো টি টোয়েন্টি দলের হয়ে আমি এ পজিশনে ব্যাট করেছি বলে মনে পড়ছে না। এ দলটার শক্তি দেখে আমি অবাক। আমি তাদের বলেই ফেলি– শোনো আমরা যে বার চ্যাম্পিয়ন হই, এটি সেটির চেয়েও বলবান।
স্পষ্টতই এ ক্যারিবিয়ান দল অনেক শক্তিশালী। কারণ তাতে সুনিল নারাইনের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টের জায়গা হচ্ছে না। ব্রাভো বলেন, একবার ভাবুন– সুনিল দলে সুযোগ পাচ্ছে না। পেলে তাকে ১০ নম্বরে ব্যাট করতে হবে। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে সে ওপেন করে। স্বভাবতই পূর্ণশক্তির আমাদের দল যে কোনো টিমকেই হারানোর সক্ষমতা রাখে।
প্রসঙ্গত একমাত্র দল হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ক্যারিবীয় দ্বীপসমূহের দলটি। এ সংস্করণে সবসময় ভীতি জাগানিয়া তারা। / ইএসপিএন ক্রিকইনফো