করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই, খেলোয়াড়দের উপার্জনও নেই। এমন সময়ে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ৫০১ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেন। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ২৩টি ফেডারেশনের খেলোয়াড়দের মধ্যে এই টাকা বিতরণ করা হয়েছে।
চেক হস্তান্তরের এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ আক্তার হোসেন ও বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে করোনাভাইরাসের কারণে সংকটে পড়া এবং কোনো ধরনের চুক্তিতে না থাকা অসহায় ক্রিকেটারদের সহায়তার হাত বাড়িয়ে দেয় ক্রিকেট বোর্ড।
দেড় হাজারের বেশি ক্রিকেটারকে অর্থনৈতিক সহায়তার পরিকল্পনা করছে বিসিবি, যাতে ক্রিকেটাররা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।