অবশেষে জানা গেল ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত। জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, আগস্টে হতে পারে এ সফর। যদিও করোনার কারণে জুন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল আইসিসির। তাই জুন মাসে ভারতীয় ক্রিকেটের শ্রীলঙ্কা সফর হবে না সেটা আগে থেকেই জানা ছিল। তবে এবার জুন জুলাইয়ে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা যাচ্ছে না তার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জুন মাসের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সিরিজ বাতিলের কথা জানিয়ে বলেন, ” বর্তমান পরিস্থিতিতে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।”
আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া, আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিসিআই-এর। তবে, সবটাই অবশ্য নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপরই।