খেলা

ফেরার ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিল ম্যান সিটি

ফেরার ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিল ম্যান সিটি
ফেরার ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিল ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জিতবে লিভারপুল, এটা প্রায় নিশ্চিত। তবু বাকি লড়াই চলছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা করে নেয়ার জন্য। টেবিলের সেরা চারে থাকতে পারলেই মিলবে সেই সুযোগ।

আর এটি পেতে বাকি প্রায় সব ম্যাচই জিততে হতো আর্সেনালকে। কিন্তু করোনা বিরতির পর মাঠে ফিরে ছন্নছাড়া ফুটবল খেলে প্রথম ম্যাচে পাত্তাই পেল না মিকেল আর্টেটার দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেছে ৩-০ ব্যবধানে।

প্রায় তিন মাসের বেশি সময় বিরতির পর বুধবার রাতে পুনরায় শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই ছিল ম্যান সিটি ও আর্সেনালের বড় ম্যাচ। যেখানে ম্যান সিটি বড় দলের মতো আধিপত্য দেখালেও, পুরো ম্যাচে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি আর্সেনালকে।

ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পুরো ৯০ মিনিটে তিনবার মাত্র জালের উদ্দেশ্যে শট করতে পেরেছে আর্সেনাল। যার মধ্যে একটিও ছিল না লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৭ বার শট করে ১১টিই লক্ষ্যে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। যেখানে গোল হয়েছে তিনটি।

একের পর এক আক্রমণ করলেও প্রথম গোল পেতে ম্যান সিটিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময় পর্যন্ত। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের ভুলে বল পেয়ে যান রহিম স্টারলিং। জোরালো শটে জাল কাঁপান এ ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই লুইজের সুবাদেই আরেকটি গোল পায় সিটিজেনরা। ডি-বক্সের মধ্যে রিয়াদ মাহরেজকে পেছন থেকে টেনে ফেলে দেন লুইজ। লাল কার্ডের পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যান সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

ম্যাচের তৃতীয় ও শেষ গোলের জন্য ফের অতিরিক্ত যোগ করা সময়ের অপেক্ষা। এবার ম্যাচের ৯২তম মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন ফিল ফোডেন। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এ জয়ের পর ২৯ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্র’তে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও সুসংহত করেছে সিটিজেনরা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে শিরোপাপ্রত্যাশী লিভারপুল। লিগে সপ্তম পরাজয়ের স্বাদ পাওয়া আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ