ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেট থেকে নিজেকে আড়াল রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। লম্বা বিরতির পর ফিরেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। কিন্তু আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না তাঁর।
এমন দুঃসময়ে ধোনির পাশে দাঁড়ালেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। বোর্ড সভাপতি মনে করছেন, পুরো ছন্দ পেতে ধোনিকে আরো সময় দিতে হবে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী সৌরভ বলেন, ‘বর্তমান যা অবস্থা, সেটা কাটিয়ে তার পুরোনো ছন্দ ফিরে পেতে আরো সময় লাগবে। প্রায় দেড় বছর পর ক্রিকেট খেলতে নেমেছে সে; এটা তার পক্ষে সহজ নয়। যত ভালো ক্রিকেটার হোক, কিছুটা সময় দিতেই হবে।’
আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ফেলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। যার মধ্যে জিতেছে একটিতে। তিন ম্যাচে ধোনির রান সংখ্যা ০*, ২৯* ও ১৫। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ধোনির পরে নামা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
ধোনির পজিশন প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ধোনি যখন দারুণ ফর্মে ছিল, তখন আমি ধারাভাষ্য দিতাম। ওই সময়ে আমি প্রায় বলতাম, তার জন্য সেরা পজিশন চার নম্বর।'
চলতি আইপিএলের পয়েন্ট টেবিলের সবার তলানিতে আছে ধোনির চেন্নাই সুপার কিংস। তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২। আগামী ২ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরবাদের মুখোমুখি হবে ধোনির দল। সেই ম্যাচে ধোনির রানে ফেরা ও চেন্নাইয়ের জয়ের ফেরার অপেক্ষায় কিংস ভক্তরা।