ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল এতদিন সুরেশ রায়নার দখলে। আরব আমিরাতে এবারের আসরে খেলছেন না চেন্নাই সুপার কিংসে এমএস ধোনির সতীর্থ রায়না।
শুক্রবার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমে রায়নাকে ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ১৯৪টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন চেন্নাই অধিনায়ক ধোনি। ১৯৩টি ম্যাচ খেলা রায়না নেমে গেছেন দ্বিতীয় স্থানে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা (১৯২), দিনেশ কার্তিক (১৮৫) এবং যুগ্মভাবে বিরাট কোহলি ও রবিন উথাপ্পা (১৮০)।
ধোনির রেকর্ডের দিনে হেরেছে চেন্নাই সুপার কিং (১৫৭/৫)। আইপিএলের ১৪তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (১৬৪/৫) সাত রানের ব্যবধানে হারিয়েছে চেন্নাইকে। ৪২ রানে চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ধোনির দল লড়াইয়ে ফিরেছিল
রবীন্দ্র জাদেজার ৫০ ও অধিনায়ক ধোনির অপরাজিত ৪৭ রানে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হায়দরাবাদের ইনিংসে প্রিয়াম গার্গ ৫১* ও অভিষেক শর্মা ৩১ রান করেন।