পাউলো রসি। নামটা বললেই ১৯৮২ সালের বিশ্বকাপের সেই স্মৃতি ভেসে উঠে। ছিপছিপে গড়নের এক ফুটবলার বল পায়ে ছুটে যাচ্ছেন প্রতিপক্ষের সীমানায়। দারুণ সুযোগ সন্ধানী সেই স্ট্রাইকার গোল করে দু’হাত আকাশে তুলে আনন্দে ফেটে পড়ছেন। ইতালি জিতছে তার গোলে! সেই বিশ্বকাপের সেরা তারকা ছিলেন ঝাঁকড়া চুলো রসি। ’৮২’র বিশ্বকাপের সেই তারকা ফুটবলাররা চলে গেলেন অসীমের পানে। মাত্র ৬৪ বছর বয়সে মারা গেছেন ’৮২ বিশ্বকাপ কাঁপানো তারকা পাউলো রসি।
ইতালির রাই টিভি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে এই দুঃখজনক খবর জানিয়েছে। ফুটবল থেকে অবসর নেয়ার পর রসি ইতালির এই টিভি চ্যানেলে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করতেন।
রাই টিভির স্পোর্টস প্রেজেন্টার এনরিকে ভ্যারিয়েল তার টুইটে জানান ‘পাবলিতো সত্যিই তুমি অবিস্মরনীয়! এই ফুটবলারের জন্যই আমরা সবাই ’৮২ সালের বিশ্বকাপের প্রেমে পড়েছিলাম। রাই টিভিতেও তিনি সতীর্থ হিসেবে ছিলেন অনন্য।’
রসির স্ত্রী ক্যাপেলিত্তি ফেদেরিকা ইনস্টাগ্রামে তাদের দুজনের ছবি পোস্ট করে লেখেন ‘তুমি চিরদিনের।’
পাউলো রসির মৃত্যুর কারণ সম্পর্কে তার স্ত্রী কোন মন্তব্য করেননি।
স্পেনে ১৯৮২ সালের বিশ্বকাপ জিতেছিল ইতালি। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ইতালি জেতে ৩-১ গোলে। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন রসি। তবে টুর্নামেন্টে ব্রাজিলের বিরুদ্ধে তার পারফরমেন্স ছিল সেরা। ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেই বিশ্বকাপ থেকে ইতালি বিদায় করে দেয়। তিন গোলের তিনটিই করেই হ্যাটট্রিকের নায়ক ছিলেন পাউলো রসি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল পদকও জিতেছিলেন। সেই বছরই ব্যালন ডি’ওরের ট্রফিও উঠেছিল রসির হাতে।