গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন ফাফ ডু প্লেসিস। এর মধ্যে করোনার হানায় খেলা বন্ধ হয়ে গেলে নতুন অধিনায়ক আর বেছে নিতে পারেনি প্রোটিয়ারা।
গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়ক কুইন্টন ডি কককে তিন ফরমেটেই নেতৃত্বে নিয়ে আসার পরিকল্পনা তাদের নেই।
কিন্তু বোর্ড পরিচালকের সেই কথা উল্টে গেল শুক্রবার। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক খুশিমনেই তিন ফরমেটেই দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।
আপাতত অবশ্য দীর্ঘ সময়ের জন্য নয়। ২০২০-২১ মৌসুমের জন্য ডি কককে টেস্টের নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন মিশন।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডি কককে অধিনায়ক রেখে গড়া দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সারেল ইরউই, কিপার-ব্যাটসম্যান কাইল ভেরেইন এবং মিডিয়াম পেসার গ্লেন্টন স্টুয়ারম্যান। চোটের কারণে প্রাথমিকভাবে নেয়া হয়নি কাগিসো রাবাদা আর ডোয়াইন প্রিটোরিয়াস। তাদের অবস্থা দেখে পরে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে’তে। ৭ জানুয়ারি থেকে জোহানেসবার্গে পরের টেস্ট। ডি ককের নেতৃত্বে এই গ্রীষ্মে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন। / জাগো