দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রয়াত অরুণ জেটলির ভাস্কর্য ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বসানোর সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বিষেন সিং বেদি।
ফিরোজ শাহ কোটলায় ভাস্কর্য বসানোর প্রতিবাদ জানিয়ে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) বর্তমান সভাপতি অরুণ জেটলির ছেলে রোহন জেটলিকে লেখা চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছেন বেদি।
সেই চিঠিতে বেদি লেখেন- ডিডিসিএ আমাকে চাপ দিয়ে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাই সভাপতিকে অনুরোধ করছি, স্টেডিয়ামের যে স্ট্যান্ড আমার নামে নামকরণ করা হয়েছিল সেখান থেকে আমার নাম যেন মুছে ফেলা হয়। আমি ডিডিসিএর সদস্যপদও ছেড়ে দিচ্ছি।
১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি ক্রিকেট অ্যাসেসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি। তার মৃত্যুর পর সম্মান জানাতে ফিরোজ শাহ কোটলায় জেটলির ৬ ফুটের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১৭ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড বিষেন সিং বেদি ও মহিন্দর অমরনাথের নামে নামকরণ করা হয়েছিল। স্টেডিয়ামের সামনে এখন ভাস্কর্য বসানো হলে নিজের নাম স্ট্যান্ড থেকে মুছে ফেলার অনুরোধ করেছেন বেদি।
তিনি চিঠিতে লিখেছেন- আমি অনেক ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমাকে যে সম্মান দেয়া হয়েছিল, তার অসম্মান করছি না কিন্তু সম্মান এলে দায়িত্বও বাড়ে। আমি যে মর্যাদার সঙ্গে ক্রিকেট খেলেছি, তারই সম্মান আমায় দেয়া হয়েছিল। এবার আমি তাদের সেই সম্মান ফিরিয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম যখন অরুণ জেটলির নামে রাখার সিদ্ধান্ত হয়েছিল, তখন আমি আপত্তি করিনি। ভেবেছিলাম এটা সম্মান দেয়া কিন্তু এখন মনে হয় আমি ভুল করেছি। এভাবে একজন রাজনীতিবিদের ভাস্কর্য কোটলায় বসিয়ে মর্যাদা হানি করা হচ্ছে, যা ঠিক নয়। / যু