লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমভাগে দেখা মিলল সেই পুরনো দাপুটে বার্সেলোনার। লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিকে গোলের শুরু। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্দপতন হলেও আবারও ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় রোনাল্ড কুমানের দল।
বার্সেলোনার ঘর কাম্প ন্যু-তে রবিবার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে কাতালানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার আত্মঘাতী গোলে আশা জাগে বিলবাওয়ের। তবে অঁতোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
লা লিগায় এই নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো মেসির দল, জিতল টানা পাঁচটি। দারুণ এই পথচলায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। ২০টি করে ম্যাচ খেলা দুই দলের পয়েন্ট ৪০ করে।
মেসি ও বার্সেলোনার অপেক্ষা শেষ হয় ম্যাচের ২০তম মিনিটে। তার চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। আসরে মেসির এটি দ্বাদশ গোল।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু মেসির পাস পেয়ে গ্রিজমানের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে বিলবাও।
দারুণ পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ৭৪তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস ধরে মিনগেসা ডান দিক থেকে বাড়ান ছয় গজ বক্সের মুখে। ঠান্ডা মাথায় নিখুঁত টোকায় গোলটি করেন গ্রিজমান।