দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হয়েছে সাকিব আল হাসানের। প্রথমে ঘরোয়া, পরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টেস্ট সিরিজে খেলেছেন এই অল-রাউন্ডার।
তবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চোটে পড়েন সাকিব। সেসব শঙ্কা উড়িয়ে টেস্ট খেলতে নামেন চট্টগ্রামে। এখানেও সেই চোটে পড়ে খেলা হয়নি শেষ তিন দিন। তাই ঢাকা টেস্টের দল থেকেও অব্যাহতি দেয়া হয়েছে তাকে।
উইন্ডিজ সিরিজ শেষ করেই বাংলাদেশ দল রওয়ানা করবে নিউজিল্যান্ডের উদ্দেশে। সাকিব চাইছেন এই সফরে না যেতে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটির দরখাস্ত দিয়েছেন ইতোমধ্যে। কারণ হিসেবে দেখিয়েছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটির আবেদন।
এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড সফরের সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে একটা ছুটির দরখাস্ত দিয়েছে। আমি সেটা পেয়েছি। যদিও এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক সপ্তাহ পিছিয়ে নতুন সূচী দিয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের। সে অনুযায়ী আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিলে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপ্র রয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ২২ ফেব্রুয়ারি রওয়ানা করবে বাংলাদেশ। / আরটি