ইন্টার মিলানকে সিরি আ’র চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শেষ মৌসুমের চ্যাম্পিয়ন জুভেন্টাস শীর্ষ চারেই জায়গা করতে পারছিল না। এমন পরিস্থিতিতে মুখোমুখি হয়ে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তুরিনের দলটি। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা বাঁচিয়ে রাখল জুভেন্টাস।
রোববার রাতে ঘরের মাঠে সাদা-কালো শিবিরের হয়ে দুটি গোল তুলেছেন হুয়ান কুয়াদ্রাদো। একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে সফরকারীদের পক্ষে একটি গোল আদায় করেন রোমেলু লুকাকু। অপর গোলটি আসে জুভেন্টাস ডিফেন্ডার জিওরজিও চেলিনির ভুলে।
ম্যাচের ২৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগীজ মহাতারকা রোনালদো। যদিও ৩৫ মিনিটে পেনাল্টি গোলে ইন্টারকে সমতায় ফেরান বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু।
বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে কলোম্বিয়ান তারকা কুয়াদ্রাদোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৮৩ মিনিটের মাথায় ইতালিয়ান ডিফেন্ডার চেলিনির গায়ে লেগে গোল হজম করে জুভেন্টাস। যদিও একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে গোল তুওে নেন জয় নিশ্চিত করেন কুয়াদ্রাদো।
৩৭ ম্যাচ পর ৭৫ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন চতুর্থ স্থানে। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট তুলে ইন্টার সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে ৭৮ পয়েন্ট তোলা আতালান্টা। এদিকে এক ম্যাচ কম খেলে সমান ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এসি মিলান। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাপোলি। / আরটি