শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে সাকিব নিয়েছেন ২টি উইকেট। এই দুই উইকেট নিয়ে তিনি ছুঁয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও মাশরাফি বিন মুর্তজাকে।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফি বিন মুর্তজাকে স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দুজনই নিয়েছেন ২৬৯ উইকেট। ওয়ানডেতে মাশরাফির মোট উইকেট ২৭০টি। তবে ম্যাশ একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।
এদিকে, ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের পাশেও বসেছেন সাকিব। সাবেক পাকিস্তানি কিংবদন্তি শারজাহে ১২২ উইকেট নিয়েছিলেন। গতকাল দুই উইকেট নেওয়ায় মিরপুরে সাকিবের উইকেট সংখ্যাও এখন ১২২টি।
ওয়াসিম আকরাম ও মাশরাফিকে ছাড়িয়ে যাওয়া সাকিবের জন্য সময়ের ব্যাপার মাত্র। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেই হয়তো ছাড়িয়ে যাবেন ওয়াসিম ও মাশরাফিকে।