ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের একচ্ছত্র আধিপত্য ভেঙে ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। শুক্রবার রাতে সেমিফাইনালে নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-২ ব্যবধানে হারিয়েছেন জকোভিচ।
নাদালের সামনে সুযোগ ছিল এই সেমিফাইনাল জিতে রেকর্ড ১৪তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতার। সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ রোববার ফাইনালে লড়বেন তরুণ তুর্কি গ্রিক তারকা স্টেফানোর সিপসিপাসের বিপক্ষে। শুক্রবার প্রথম সেমিফাইনালে জার্মান তারকা আলেক্সান্ডার জারেভকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে এসেছেন স্টেফানোর সিপসিপাস।
নাদাল-জকোভিচের লড়াই চলে দীর্ঘ চার ঘণ্টা। সেই লড়াইয়ে শেষ হাসি হাসেন জকোভিচ। ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘এই কোর্টে রাফার (রাফায়েল নাদাল) বিপক্ষে জিততে হলে আপনাকে আপনার সেরাটার চেয়েও বেশি দিয়ে খেলতে হবে। আজ রাতে অবশ্যই আমি আমার সেরা টেনিসটাই খেলেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’