বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার ও দলের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমের বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে। সোমবার (২১ জুন) ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের বিপক্ষে সুপার লিগের ম্যাচে আঙুলে ব্যথা পান তিনি। পরীক্ষা করে চিড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে বিসিবি।
আগামী ২৮ জুন জিম্বাবুয়ে সফরের জন্য রওনা দেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট দিয়ে শুরু হওয়া সিরিজের আগে ডানহাতি ব্যাটসম্যানের চোট তাই দলের জন্য দুশ্চিন্তার কারণ। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মনে করছেন, এক সপ্তাহের বিশ্রামে ঠিক হয়ে যাবে ওই চোট।
মুশফিক ডিপিএলের বাকি অংশে খেলতে পারবেন না। বরং তাঁর জিম্বাবুয়ে যাওয়ার আগে সুস্থ হয়ে ওঠার পালা। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, 'আজ তাঁর চোটের রিপোর্ট পেয়ে সূক্ষ্ম চিড়ের বিষয়ে নিশ্চিত হয়েছি। আমরা তাকে এক সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছি। চোটটা যেহেতু ছোট, আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। এক সপ্তাহ পরে আমরা তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণ করবো।'
বৃষ্টির মধ্যে মাঠে গড়ানো ডিপিএল একে একে ক্রিকেটারদের চোটে পড়ার খাতা লম্বা করছে। এর আগে হাঁটুর ইনজুরি নিয়ে আসর থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। চলতি ডিপিএলে খেলতে পারবেন না তিনি। তাসকিন হাতে চোট পেয়েছেন। জানা গেছে, তাঁর হাতে পাঁচটি সেলাই পড়েছে।
ওদিকে পিঠের ইনজুরিতে আছেন মুস্তাফিজুর রহমান। টানা ছয় মাস বায়ো-বাবলে থাকা বাঁ-হাতি পেসারের স্ক্যান রিপোর্টে অবশ্য গুরুতর কিছু পাওয়া যায়নি। এর আগে ইনজুরিতে ছিলেন সাদা বলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। দলের মূল ক্রিকেটারদের ইনজুরি তাই নির্বাচকদের জন্য চিন্তার বিষয় না হয়ে পারে না।
তবে দলের চার-পাঁচজন ইনজুরিতে থাকলেও দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন দেবাশীষ চৌধুরী, 'ইনজুরিতে আছেন দলের চার-পাঁচ।কিন্তু সেটা দুশ্চিন্তার কারণ নয়। আমাদের হাতে জিম্বাবুয়ে সফরের সময় আছে। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে কেউ বাদ পড়বেন বলে মনে করছি না।' এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বাংলাভিশন ডিজিটালকে জানান, জিম্বাবুয়ে সফর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সফর নিয়ে কোন অনিশ্চয়তা নেই।