শ্বাসরুদ্ধকর আরেক লড়াইয়ের জন্ম দিল ফ্রান্স ও সুইজারল্যান্ড। স্পেন-ক্রোয়েশিয়ার আট গোলের উত্তেজনায় ভরপুর ম্যাচের রেশ না কাটতেই আরেক উত্তেজনা। যেন ফুটবলীয় রোমাঞ্চে ভরা এক রাতে।
প্রথমার্ধে বিবর্ণ বিশ্ব চ্যাম্পিয়নরা জেগে উঠল বিরতির পর। ম্যাচ নিয়ে নিল হাতে। কিন্তু শেষের ১০ মিনিটে আবারও পাল্টে গেল গতিপথ। শেষপর্যন্ত টাইব্রেকারে হারতে হল ফ্রান্সকে। সুইজারল্যান্ড উঠল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে।
রুমানিয়ার বুখারেস্টে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি শুট আউটে ৫-৪ এ জিতেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ৩-৩ এর পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনেই শেষ হয়।
৬৭ বছরের মধ্যে এই প্রথম কোনো মেজর টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইজারল্যান্ড। তাও আবার ফ্রান্সকে হারিয়ে। ১৯৫৪ সালের বিশ্বকাপে শেষ আটে খেলেছিল তারা। আর ইউরোর হিসেবে এবারই প্রথম। অবশ্য এবারই প্রথম নকআউট পর্বের প্রথম ধাপ পেরুল দলটি।
হারিস সেফেরোভিচের নৈপুণ্যে ম্যাচের শুরুটাও তারা দুর্দান্ত করে। বিরতির পর দুই মিনিটের দুই গোলে ফ্রান্সকে পথ দেখান করিম বেনজেমা। একটু পর পল পগবার গোলে জয়ের পথেই ছিল তারা। কিন্তু হাল না ছাড়া সুইজারল্যান্ড ঘুরে দাঁড়ায়। সেফেরোভিচের দ্বিতীয় গোলের পর অন্তিম মুহূর্তে সমতা টানেন মারিও গাভরানোভিচ।
আবার টাইব্রেকারে সব আলো কেড়ে নেন সুইস গোলরক্ষক ইয়ান সমের। সুইজারল্যান্ড তাদের প্রথম পাঁচ শটের সবকটিতেই সফল, ফ্রান্স সফল প্রথম চারটিতে। তাদের শেষ শট নিতে আসেন বিশ্বকাপ জয়ী এমবাপ্পে। তার শটটিই ঠেকিয়ে দলকে উল্লাসে ভরিয়ে দেন সমের। / সম