১৬ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়ে এর পূর্ণ ব্যবহারই করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এদিকে তাকে সঙ্গ দিতে গিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন পেসার তাসকিন।
যার সুবাদে বাংলাদেশ দলও পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। সাধারণত মিডলঅর্ডার ব্যাটসম্যান হলেও, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৮ নম্বরে নামানো হয়েছে মাহমুদউল্লাহকে। আর সেখানেও পেয়েছেন সফলতা।
মাহমুদউল্লাহ আর তাসকিনের এই জুটি যেন অনেকটাই হতাশ করেছে জিম্বাবুয়েকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০২ ওভারে ৮ উইকেটে ৩৯৮ রান। অপরাজিত মাহমুদউল্লাহ ১০৭ রান এবং তাসকিন ৫১ রান নিয়ে মাঠে আছেন।
শুরুতে স্কোয়াডেই ছিলেন না। হুট করেই টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। আর সবশেষ স্কোয়াডে আগে থেকেই ইয়াসির আলি রাব্বিসহ একাধিক মিডল-অর্ডার ব্যাটসম্যান থাকার পরেও, ম্যাচের মূল একাদশেও জায়গা পেয়ে গেছেন এ অভিজ্ঞ ক্রিকেটার।
জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৩৫ রানের—সেটি ২০০৫ সালে সেটি গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা ও তাপস বৈশ্যের। সব মিলিয়ে ৯ম উইকেটে বাংলাদেশের এটি এখন তৃতীয় সর্বোচ্চ জুটি।
এর আগে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিলো ৮ উইকেটে ২৯৪ রান। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর লিটন-মাহমুদউল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে টাইগাররা। ৭০ রান করে আউট হন মুমিনুল হক। তবে লিটন-মাহমুদউল্লাহর ১৩৮ রানের জুটিতে ঘুরে দাড়ায় বাংলাদেশ। পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করেন লিটন।