কোপা আমেরিকার জ্বর নেমেছে বাংলাদেশের শরীর থেকে। বিখ্যাত মারাকানায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা শেষ করেছে ২৮ বছরের শিরোপা না স্পর্শ করতে পারার আক্ষেপ। মেসি ছুঁয়েছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। দেশের আকাশি-নীল সমর্থকদের জন্য এর থেকে দারুণ আর কি হতে পারে!
আর্জেন্টাইনদের শিরোপা জয়ের আনন্দ তাই ছেয়ে গেছে বাংলাদেশেও। যা চোখ এড়ায়নি সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান পাবলো সোরিনের। এমন সমর্থন পেয়ে মুগ্ধ এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিশাল এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন প্রতিটি বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থক।
২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের লেফটব্যাক ও অধিনায়ক সোরিন ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে বাংলাদেশের সমর্থকদের নিয়ে তাঁর পুরোনো স্মৃতি জানানোর পাশাপাশি এবারের উদ্যাপনের জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশিদের। তিনটি ভিডিওতে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের উদ্যাপনের দৃশ্যও তুলে ধরেছেন সোরিন।
১৯৯৫ ফিফা যুব বিশ্বকাপেও ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, সে দলে ছিলেন সোরিন। কাতারে অনুষ্ঠিত সে যুব বিশ্বকাপের ফাইনালে কাতারপ্রবাসী অনেক বাংলাদেশি সমর্থক মাঠে গিয়েছিলেন। আর্জেন্টিনার পতাকা নিয়ে, আর্জেন্টিনার নামে উল্লাস করেছিলেন বাংলাদেশিদের অনেকে।
যুব বিশ্বকাপের সেই স্মৃতি মনে করে সোরিন বলেন, '২৬ বছর আগে আমরা কাতারে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলাম। দেশ থেকে কত দূরে ছিলাম! পরিবার, বন্ধুবান্ধব কিংবা সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য এত প্রযুক্তি ছিল না। কিন্তু সেই অবিশ্বাস্য স্টেডিয়ামেও আর্জেন্টিনার একটা পতাকা ছিল, কয়েকজন ভক্ত পতাকাটি এত আবেগ নিয়ে নাড়াচ্ছিলেন। আমাদের মুখে হাসি ফুটিয়েছিল সে দৃশ্য, মনে রোমাঞ্চ তৈরি করেছিল। পতাকাটার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশ’।'
‘সে কারণে বাংলাদেশের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, সম্মান জানাতে চাই, যাঁরা কিনা বিশ্বের অন্য একটা প্রান্তে রাস্তায় নেমে আমাদের কোপা আমেরিকা জয়ের উদ্যাপন করেছেন! আকাশি-সাদা পতাকাটা গায়ে জড়িয়ে শনিবার যেভাবে এঁরা (বাংলাদেশি ভক্ত) উদ্যাপন করেছেন, ঠিক একইভাবে করেছিলেন কাতারে সে রাতেও। আপনাদের ধন্যবাদ।’- সোরিন যোগ করেন।