আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য হোম এন্ড অ্যাওয়ে সিরিজ খেলছে অনেকেই। অতি সম্প্রতি অস্ট্রেলিয়াও খেলে গেল বাংলাদেশে। অন্যরা যখন প্রস্তুতিসহ দল গোছাতে ব্যস্ত, ঠিক সেই সময়েই, বেশ আগে ভাগেই বলা ভালো- দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। একইসঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান সফরের জন্যও দল ঘোষণা করেছে কিউইরা।
অথচ সেই দলে নেই নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কেউই! নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়েই বাংলাদেশ ও পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড দল।
সোমবার (৯ আগস্ট) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সিরিজের দল এবং বাংলাদেশ ও পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্টদের কেউই।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে বিশ্বকাপের আগের দুই সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে। যিনি নেতৃত্ব দিবেন বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে। আর কেন উইলিয়ামসনের নেতৃত্বে আরেকটি দল বিশ্বকাপ খেলে সফর করবে ভারতে।
বাংলাদেশ সফরের দলে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা দুই স্পিনিং অলরাউন্ডার কোল ম্যাককঞ্চি, রাচীন রবীন্দ্র ও পেসার বেন সিয়ার্সকে। দলে আছেন কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেলের মতো অভিজ্ঞরাও।
আগামী ২৪ অগাস্ট বাংলাদেশে এসে পৌঁছবে ল্যাথাম বাহিনী। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।