মেসিকে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচ খেললো বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা।
মেসিবিহীন বার্সেলোনার প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ, লা লিগার সেই ম্যাচে ন্যু ক্যাম্পের দলটির জয়ের নায়ক ব্র্যাথওয়েট। জোড়া গোল করার সঙ্গে দলের একটি গোলে সহায়তাও করেছেন ডেনমার্কের ফরোয়ার্ড। ব্র্যাথওয়েটের জোড়া গোলের সঙ্গে পিকে ও সের্হি রবার্তোর গোল মিলিয়ে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের ১৯ মিনিটে বার্সার হয়ে এই মৌসুমের প্রথম গোল করেন পিকে। বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রি-কিক পায় বার্সা। কিকটি নেন এ মৌসুমেই ন্যু ক্যাম্পে নাম লেখানো ডাচ ফরোয়ার্ড মেম্ফিস। ডানপ্রান্ত থেকে তার নেওয়া ফ্রি-কিকে দুর্দান্ত এক হেডে বার্সাকে এগিয়ে দেওয়া গোলটি করেন পিকে।
বার্সা দ্বিতীয় গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে।
ডানপ্রান্ত থেকে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে অসাধারণ এক হেডে গোলটি করেন ব্র্যাথওয়েট। এরপর তৃতীয় গোলটিও করেন তিনি।
তবে সোসিয়েদাদ ৩ মিনিটের মধ্যে দুটি গোল করে খেলায় ফেরার স্বপ্ন দেখায়। ৮২ মিনিটে লোবেতার গোলের পর ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে সোসিয়েদাদের ড্রয়ের স্বপ্নে শেষ পেরেকটি ঠুকে দেন সের্হি রবার্তো।