টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি সফরকারী নিউজিল্যান্ড। এমনকি এক ম্যাচ হাতে রেখে কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে সিরিজের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। হোম অব ক্রিকেট মিরপুরের ২২ গজে শুক্রবার (১০ সেপ্টেম্বর) পঞ্চম ও শেষ ম্যাচে আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তাই টস আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউই দলপতি টম লাথাম।
এ ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় মাহমুদউল্লাহ বাহিনী। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টাইগারদেরও ছাড় দিতে নারাজ কিউইরা। এ ম্যাচ জিতে দেশে ফিরতে চায় টম লাথাম বাহিনী।
এর আগে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে কোন দাপট দেখাতে পারেনি কিউইরা। প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে যায় টম লাথামরা। জবাবে ৭ উইকেটে জেতে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সফরকারীরা। কিন্তু টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।কিউইরা হেরেছে ৪ রানে। এরপর তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে খেই হারায় টাইগাররা। এ ম্যাচ ৫২ রানে হেরে যায় বাংলাদেশ।
তবে যা-ই হোক নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে হেসেখেলে সিরিজ জেতে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা । তবে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার ইতিহাস থাকলেও টি-টোয়েন্টি সিরিজ জিতল এই প্রথম।