লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
এদিকে, ইপিএলে টানা তিন হারের পর হ্যাটট্রিক জয় পেয়েছে আর্সেনাল। টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে গানাররা। সিরি আয় টেবিল টপার নাপোলি ২-০ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে রোনালদোর সাবেক ক্লাব য়্যুভেন্তাস।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের পর লিগে টানা দুই ম্যাচ ড্র করে কোনঠাসা বার্সেলোনা। এবার ক্যাম্প ন্যুতে তাদের প্রতিপক্ষ তৃতীয় সারির দল লেভান্তে। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন মেমফিস ডিপাই। আট মিনিট পর লুক ডি ইয়ংয়ের গোলে স্কোরলাইন ২-০। লিওনেল মেসি চলে যাওয়ার পর অনেক আশা নিয়ে যাকে বার্সেলোনার দশ নম্বর জার্সিটা দেওয়া হয়েছে সেই আনসু ফাতি তখনো চোটের পুনর্বাসনে মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে আজই প্রথম মাঠে নেমেছেন। ৩২২ দিন পর মাঠে নেমেই দিলেন বার্সার নতুন নাম্বার টেনের আগমনের বার্তা। ম্যাচের যোগ করা সময়ে দারুণ গোলে ১০ মাস পর মাঠে ফেরা রাঙালেন আনসু ফাতি। ছয় ম্যাচে তিনটি করে জয় আর ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে বার্সেলোনা।
এদিকে, ইপিএলে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে টটেনহ্যামকে চেপে ধরে আর্সেনাল। দ্বাদশ মিনিটেই এমিল স্মিথের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফার্স্ট হাফেই আরো দুটি গোল করে আর্সেনাল। গানারদের হয়ে দ্বিতীয় গোল আসে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের পা থেকে। আর তৃতীয় গোলের স্কোরার বুকায়ো সাকা। ম্যাচের শেষদিকে সন হিউং-মিন গোল করলেও ব্যবধানটাই কমেছে শুধু। আর তাতেই টানা তিন হারের পর হ্যাটট্রিক জয়ে তুলে নিল মিকেল আর্তেতার দল।
সিরি আয় ম্যাচের ১১তম মিনিটেই নাপোলিকে এগিয়ে দেন আগের ম্যাচে দুই গোল পাওয়া ভিক্তর ওসিমেন। সেকেন্ড হাফে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লোরেঞ্জো ইনসিনিয়ে। ছয় ম্যাচের সবগুলো জিতে তালিকার শীর্ষে এখন নাপোলি। আরেক ম্যাচে ঘরের মাঠে আত্মবিশ্বাসী য়্যুভেন্তাস এগিয়ে যায় দশম মিনিটে। তাদের স্কোরার পাওলো দিবালা। ফার্স্ট হাফে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো বোনুচ্চি। তবে বিরতির আগে ব্যবধান কমায় সাম্পদোরিয়া। সেকেন্ড হাফে ব্যবধান আবারো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। য়্যুভেন্তাসের এবারের স্কোরার ম্যানুয়েল লোকাতেল্লি। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-২ করে সফরকারীরা। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই।