ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিদায় জানলেন ক্রিস গেইল। আরব আমিরাতে চলমান এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের মাঝপথেই নিজ দল পাঞ্জাব কিংসকে বিদায় জানিয়েছেন এই ৪২ বছর বয়সী ব্যাটার।
আইপিএলের গত মৌসুমের পর দেশের মাটিতে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর আবারও আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে ছিলেন তিনি। ক'দিন বাদেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানেও থাকতে হবে জৈব সুরক্ষাবলয়ে। তাই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নামার আগে মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখতে চান গেইল। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাঞ্জাব কিংস জানায়, জৈব সুরক্ষাবলয়ে থাকার কারণে অবসাদে ভোগা ক্রিস গেইল আইপিএল ছেড়ে যাচ্ছেন। সিপিএলে জৈব সুরক্ষাবলয়ের পর আইপিএলেরও বলয়ে থাকা গেইল মানসিকভাবে নিজেকে চাঙা করতে দুবাই থাকবেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন।
ছুটি দেবার জন্য নিজ দলকে ধন্যবাদ জানিয়ে গেইল বলেন, কয়েক মাস ধরে আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, সিপিএলের পর আইপিএলের বলয়ে আছি। মানসিক দিক দিয়ে নিজেকে চাঙা করতে চাই আমি। ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপে সহায়তা করার দিকে নজর দিতে চাই বলে দুবাইয়ে বিরতিতে যাচ্ছি। ছুটি দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। দলের জন্য সব সময়ই শুভকামনা থাকবে আমার।
আইপিএলের এবারের আসরে পাঞ্জাবের হয়ে ১০ ম্যাচ খেলেছেন গেইল। ভারত পর্বে ৮টি এবং সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলেছেন মোটে ২ ম্যাচ। ১০ ম্যাচ খেলা গেইলের ব্যাট থেকে এসেছে ১৯৩ রান। সংযুক্ত আরব আমিরাতে পর্বে খেলা ২ ম্যাচে তার রান মোটে ১৫।