টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন সামনে রেখে ওমান পৌঁছেছে টাইগারদের ২১ সদস্যের বহর। ২৪ ঘণ্টার কোয়ারেন্টিনে থাকতে হবে রিয়াদ-মুশফিকদের।
সূচি অনুযায়ী মাসকাট পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে তিনদিন অনুশীলনের কথা টাইগারদের। আইপিএলের কারণে দলের সঙ্গে সাকিব এবং মুস্তাফিজ যোগ দেবেন ৯ই অক্টোবরের পর।
১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। ম্যাচ দু'টি হবে নবনির্মিত আবুধাবি ক্রিকেট ওভাল ১ ও ২ নম্বর মাঠে। ১৫ অক্টোবর ওমানে ফিরে পর দিন বিকেলে অনুশীলন সারবে টাইগাররা। এরপর দিন শুরু হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। এ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে ওমানে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ওমান গেছে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।