টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে টাইগাররা। তবে বাস্তবতা হল টানা দুই ম্যাচ হেরে দেশে ফেরার বিমানে এরই মধ্যে এক পা পড়েছে টাইগারদের। ডুবন্ত মানুষের চেষ্টা থাকে খড়কুটো ধরে বাঁচার। বাংলাদেশ দলের কাছে সেই খড়কুটো যেমন ওয়েস্ট ইন্ডিজ। তেমন ওয়েস্ট ইন্ডিজের কাছেও লাইফলাইন বাংলাদেশ।
ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান জানান, দু'টি ম্যাচ হারার পর বাংলাদেশও আমাদের মতই অবস্থানে আছে। এটা আমাদের জন্য ভাল সুযোগ। জয়টা আমাদের প্রয়োজন। বাংলাদেশের অনেক স্পিনার আছে। এটা চ্যালেঞ্জ হবে আমাদের জন্য।
হেড টু হেড পরিসংখ্যানে ১২ বারের দেখায় উইন্ডিজের জয় ছয়বার আর বাংলাদেশের পাঁচবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার সমানে সমান দুই দল। ২০০৭ এ বাংলাদেশ আর ২০১৪ তে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের ভেন্যু শারজাহ। সুপার টুয়েলভের তিন ম্যাচে এখানে পাল্লা দিয়ে উইকেট তুলেছেন স্পিনার আর পেসাররা। পরিসংখ্যানে যাই থাকুক তাতে ভরসা করতে নারাজ বাংলাদেশ। টাইগারদের কাছে ভাল কিছুর আশা করা বড্ড কঠিন। কারণ ফর্মের সাথে মানসিকভাবেও যে বিদ্ধস্ত গোটা দল। তবে জয় আসুক এই ম্যাচেই।