টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারত ছিল ফেভারিট। সেই ভারতই যেন এবার নুইয়ে পড়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের শোচনীয় পরাজয়ের পর একই দশা নিউজিল্যান্ডের বিপক্ষেও। এখন সেমিফাইনালে উঠার যোগ্যতা অর্জনে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর ওপর।
আর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনে আজকের ম্যাচ বাঁচা-মরার ম্যাচ ভারতের জন্য। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে কোনভাবে যদি হেরে যায় ভারত তাহলে আর পেছনে না তাকিয়ে বাড়ি ফিরতে হবে টিম ইন্ডিয়াকে। আর যদি জিতেও তাহলেও জিততে হবে বড় ব্যবধানে। এই পরিস্থিতিতে দুই ম্যাচের ভুলগুলি শুধরে নামতে চাইবে বিরাট কোহলিরা।
এদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ব্যাটিং বিপর্যয় হয়েছিল ভারতের। তাই এবার পরিস্থিতি সামাল দিতে একাদশে আসতে পারে পরিবর্তন। কেএল রাহুলের সঙ্গে ওপেনিং করতে পারে রোহিত শর্মা। আর চোট পাওয়া সূর্যকুমার যাদবকে একাদশে ফিরিয়ে আনতে পারে ভারত। এজন্য বাদ পড়তে পারে ইশান কিশান।