নতুন মুখ কামরান গুলামকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরির কারনে টেস্ট দলে নেই অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ২১ জনের দল থেকে বাদ পড়েছেন ইমরান বাট, হারিস রউফ এবং শাহনেওয়াজ দাহানি। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার দুই ব্যাটার ইমাম উল হক-কামরান গুলাম ও অফস্পিনার বিলাল আসিফের।
ঘরোয়া আসর কায়েদ-ই-আজম ট্রফিতে ১১ ম্যাচের ২০ ইনিংসে ৫টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১২৪৯ রান করেছেন গুলাম। দুর্দান্ত পারফরমেন্সের কারনে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন মিডল-অর্ডার ব্যাটার গুলাম।
ইয়াসির না থাকায় প্রায় তিন বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন আসিফ। কায়েদ-ই-আজম ট্রফিতে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি।
কায়েদ-ই-আজম ট্রফিতে পাঁচ ইনিংসে ৪৮৮ রান করে দলে ফিরেছেন ইমাম। ২০১৯ সালের ডিসেম্বরে পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।
আগামী ২৬ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুুষ্ঠিত হবে টেস্টটি। ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজের আগে ১৯ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে পাকিস্তান। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছিলো পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহম্মেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মোহাম্মদ।