আক্রমণ পাল্টা আক্রমণে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোমাঞ্চকর আবহ তৈরি করে এল ক্লাসিকো। নির্ধারিত সময় শেষ হয় ২-২ সমতায়। কিন্তু অতিরিক্ত সময়ে রদ্রিগোর অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে পৌঁছে দেন ফেদ্রিকো ভালভার্দে।
গতকাল রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেন করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র। কাতালান ক্লাবটির হয়ে গোল করেছেন লুক ডি ইয়ং ও আনসু ফাতি।
আজ দিবাগত রাত ১টায় স্পেনের কলিজিয়াম অ্যালফানসো পেরেজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাবের। এ ম্যাচে যারা জিতবে আগামী ১৬ জানুয়ারি ফাইনালে তারা কার্লো আনচেলত্তির শিষ্যদের মোকাবেলা করবে।
কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটের সময় করিম বেনজেমার ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭ মিনিট পর বার্সেলোনাও সুযোগ নষ্ট করে। গাভির হেড পাস থেকে ডি ইয়ংয়ের শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। তবে ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। বেনজেমার পাসে বক্সের বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র বাম পায়ের জোরালো শটে জালে বল পাঠান। ১-০ তে এগিয়ে যায় রিয়াল।
৩০ মিনিটে দেম্বেলের ক্রসে ডি ইয়ংয়ের হেড প্রতিহত হলে ম্যাচে সমতা ফেরা হয়নি জাভির দলের। ৪১ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে বার্সেলোনা। ডি ইয়ং পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করে দলের স্কোরলাইন ১-১ করেন। এ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও প্রায় একই ধারায় খেলা হয়েছে। ৬৯ মিনিটে বেনজেমার শট পোস্টে লেগে ফিরে আসে। তিন মিনিট পরই রিয়াল আবারো এগিয়ে যায়। বেনজেমা বক্সের প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান (২-১)। ৮৩ মিনিটে বার্সেলোনা ম্যাচে ফিরে আসে। জর্দি আলবার ক্রসে আনসু ফাতি হেডে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরান।
কিন্তু অতিরিক্ত সময়ে রদ্রিগোর অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে পৌঁছে দেন ফেদ্রিকো ভালভার্দে। জাভি হার্নান্দেজ কোচিং ক্যারিয়ারে দেখলেন এল ক্লাসিকোয় প্রথম হার।