ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাসন গ্রিনউডকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বান্ধবী হ্যারিয়েট রবসন সহিংসতার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করলে ২০ বছর বয়সী এই ফুটবলারকে গ্রেপ্তার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। সূত্র বিবিসি।
ম্যানচেস্টার পুলিশ গ্রিনউডের নাম না বললেও জানিয়েছে, ২০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত প্রক্রিয়াও এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশি হেফাজতে থাকা এই ফুটবলারের ক্লাব ক্যারিয়ারও ঝুঁকিতে। ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিনউডকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। আপাতত ক্লাবের ম্যাচে বা অনুশীলনে যোগ দিতে পারবেন না তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ম্যানচেস্টার ইউনাইটেড এমন কাজকে কখনোই প্রশ্রয় দেবে না।
২০১৯ সালে, মাত্র ১৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে জার্সি গায়ে জড়ান গ্রিনউড। এই উঠতি তরুণ তারকা গত বছরের ফেব্রুয়ারিতেই নতুন করে ৪ বছরের চুক্তি নবায়ন করেছে ক্লাবটির সঙ্গে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মারধরের কারণে হ্যারিয়টের ওপরের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে জামা ভিজিয়ে দিচ্ছে। অন্য ছবিগুলোতেও দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতবিক্ষত অবস্থা। ক্যাপশনে হ্যারিয়ট লিখেছেন, 'তাদের জন্য, যারা জানতে চান মেসন গ্রিনউড আমার সঙ্গে কী কী করে।'